দুর্গাপুরে প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে অপপ্রচারের অভিযোগ, বিএনপির প্রতিবাদ
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর দুর্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি নিয়ে ‘ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও ভুয়া’ সংবাদ প্রকাশের অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দুর্গাপুর ফাজিল মাদ্রাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম সাকলায়েন দৈনিক যুগান্তরসহ কয়েকটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি অভিযোগ করে বলেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ব্যবহৃত ছবিটি এআই (AI) প্রযুক্তির মাধ্যমে তৈরি বা সম্পাদনা করা হয়েছে বলে তাদের ধারণা। তিনি দাবি করেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি চলাকালে কোনো ধরনের পানির বোতল সরবরাহ বা বিতরণ করা হয়নি। তাই সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট তথ্য ও ছবি যাচাই করা প্রয়োজন ছিল বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল হক বলেন, ‘আমার বক্তব্যের বিষয় আমি নিজেই জানি না।
নেতৃবৃন্দ লিখিত বক্তব্যে জানান, গত ১ সেপ্টেম্বর ভারী বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি দুর্গাপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। তাদের দাবি, পুরো কর্মসূচি সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয় এবং এতে ব্যাপক জনসমাগম ঘটে।
তবে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সফলতা আড়াল করতে এবং বিএনপির রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য ও সমর্থন জানান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য ও সাবেক চেয়ারম্যান আজাদ রেজাউল করিম রেজা, জার্জিস হোসেন সোহেল এবং গোলাম মর্তুজা।
এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, আহ্বায়ক হাসানুজ্জামান লালটু, সদস্যসচিব রেজাউল করিম স্বপন, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান রবিউল ইসলাম খান রবিনসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে সাংবাদিকতার নীতি অনুসরণ করে নিরপেক্ষ, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান বিএনপির নেতৃবৃন্দ।


