বন্ধ হয়ে যাওয়া দুর্গাপূজা চালুর উদ্যোগে সাবেক মেয়র মিন্টু
সমিত রায়, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের হরিজন সম্প্রদায় এলাকায় দীর্ঘদিনের নাগরিক ভোগান্তির কারণে বন্ধ হতে বসা সনাতন হরিজন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী শারদীয় দুর্গাপূজা পুনরায় চালুর উদ্যোগ নিয়েছেন তাহেরপুর পৌরসভার সাবেক সফল মেয়র আবু নঈম মোঃ সামসুর রহমান মিন্টু।
জানা যায়, হরিজন অধ্যুষিত এলাকার সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা ও পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থাসহ বিভিন্ন নাগরিক সমস্যার সম্মুখীন হয়ে আসছিলেন। জলাবদ্ধতা ও চলাচলের অনুপযোগী রাস্তার কারণে তাদের ঐতিহ্যবাহী মন্দিরে প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন বন্ধের উপক্রম হয়েছিল।
এমন খবর পেয়ে ভুক্তভোগীদের ডাকে সাড়া দিয়ে আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর, ২০২৬) হাঁড়িপাড়া এলাকায় ছুটে যান তাহেরপুর পৌরসভা বিএনপির সভাপতি ও রাজশাহী জেলা বিএনপির সদস্য আবু নঈম মোঃ সামসুর রহমান মিন্টু।
এ সময় তিনি স্থানীয় ভুক্তভোগী পরিবারগুলোর সাথে কথা বলেন, তাদের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সার্বিক খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সাবেক মেয়র মিন্টু বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে তাহেরপুর পৌরসভার সকল নাগরিকের পাশে আমি অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকবো। হরিজন সম্প্রদায়ের ভাইদের এই ঐতিহ্যবাহী দুর্গাপূজা যেন আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হতে পারে, সেজন্য আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে আমি তাদের পাশে আছি।”
তিনি আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সমাজের সকল স্তরের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং হরিজন সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাবেক মেয়রের এই আশ্বাসে হরিজন সম্প্রদায়ের মাঝে নতুন করে পূজা উদযাপনের আনন্দ ও উৎসাহ ফিরে এসেছে।
