
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দেশের দ্বিতীয় বৃহত্তম বিল ভাতিয়া জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। হামলা, ভয়ভীতি ও মামলা দিয়ে বৈধ ইজারাপ্রাপ্ত মৎস্যজীবীদের মাছ আহরণে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় প্রতিবাদ ও প্রতিকার দাবিতে শনিবার (৬ জুন) সকাল ১১টায় কর্নখালী ব্রিজ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় মৎস্যজীবীরা।
মানববন্ধনে বক্তারা জানান, সরকারি নিয়ম অনুযায়ী বিলটির ইজারা পেয়েছে দুর্গাপুর মৎস্যজীবী সমবায় সমিতি। কিন্তু সমিতির সদস্যদের ওপর হামলা চালিয়ে এবং নানা উপায়ে বঞ্চিত করে একটি অসাধু চক্র বিলটির নিয়ন্ত্রণ দখল করেছে। ফলে দীর্ঘদিন ধরে চাষ করা মাছ আহরণ করতে না পেরে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন সমিতির সদস্যরা।
তাদের অভিযোগ, দখলকারীরা কলমুগাড়া এলাকার খালে অবৈধভাবে বাঁধ নির্মাণ করে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করে দিয়েছে। এতে প্রায় ২ হাজার একর ফসলি জমি পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে কয়েক হাজার কৃষক ও মৎস্যজীবীর জীবিকা ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, জামবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আব্দুল কালামের নেতৃত্বে এই দখল, হামলা ও ভয়ভীতির ঘটনা ঘটছে। তারা বলেন, যুগের পর যুগ স্থানীয় জেলে সম্প্রদায় বিল ভাতিয়া থেকে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করে আসছে। কিন্তু বর্তমানে দখলদারদের কারণে তারা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
বক্তারা আরও জানান, মাছ ধরতে গেলে জেলেদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে ভয় দেখানোসহ বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। ফলে জেলে পরিবারগুলো চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।
মানববন্ধনে বক্তব্য দেন দুর্গাপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম কালু, সদস্য জিন্নুর আলী, সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আলী, দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আখতারুল ইসলাম এবং সাবেক ইউপি সদস্য আব্দুল মালেকসহ অন্যান্যরা।
এ সময় দুর্গাপুর মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, কৃষক ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে বিল ভাতিয়ার দখলমুক্তকরণ, অবৈধ বাঁধ অপসারণ এবং জেলে ও কৃষকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।
