শিবগঞ্জ সীমান্তে ৭৬ বোতল এস্কাফ সিরাপ জব্দ:মোটরসাইকেলসহ জব্দ মাদকের মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা
নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৭৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর গ্রামে এ অভিযান চালায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় বিশেষ টহল পরিচালনার সময় একটি সন্দেহজনক মোটরসাইকেল জব্দ করা হয়। পরে মোটরসাইকেলটিতে তল্লাশি চালিয়ে ৭৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
জব্দ করা এস্কাফ সিরাপের আনুমানিক মূল্য ৩০ হাজার ৪০০ টাকা। আর মোটরসাইকেলটির বাজারমূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা সামগ্রীর মূল্য প্রায় ১ লাখ ৭০ হাজার ৪০০ টাকা।
জব্দ করা মাদকদ্রব্য ও মোটরসাইকেলটি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি আরও জানিয়েছে, গত আগস্ট মাসে ৫৩ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫২২ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ১১৫ বোতল ফেয়ারডিল সিরাপ, ৩০টি ইয়াবা বড়ি ও ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি নিরলসভাবে কাজ করছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।


