
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষা, শৃঙ্খলা ও অবকাঠামোগত উন্নয়নের পেছনে দীর্ঘ এক যুগ ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন প্রধান শিক্ষক মাহফুজুল আলম। ২০১৩ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি পরিকল্পিত উদ্যোগ, সুশাসন ও আন্তরিক নেতৃত্বের মাধ্যমে বিদ্যালয়টিকে উপজেলার অন্যতম সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে রূপ দিয়েছেন। আগামী ২৩ জুলাই সরকারি চাকরি থেকে অবসরে যাচ্ছেন তিনি। এ উপলক্ষে তিনি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা জানান, মাহফুজুল আলম দায়িত্ব গ্রহণের সময় বিদ্যালয়ের অবকাঠামো এবং শিক্ষা পরিবেশ বর্তমানের মতো সমৃদ্ধ ছিল না। তাঁর দূরদর্শী পরিকল্পনা, সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার এবং দক্ষ ব্যবস্থাপনার ফলে বিদ্যালয়ে নির্মিত হয়েছে সাইকেল গ্যারেজ, আধুনিক ডিজিটাল ল্যাব, ভোকেশনাল ভবন, দৃষ্টিনন্দন প্রধান ফটক, বাউন্ডারি ওয়াল, সমৃদ্ধ লাইব্রেরি, নান্দনিক ফুলের বাগান এবং আধুনিক শিক্ষক মিলনায়তন। এসব উন্নয়ন বিদ্যালয়ের সার্বিক পরিবেশকে আরও আকর্ষণীয় ও শিক্ষাবান্ধব করে তুলেছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে প্রায় ৬৫০ জন শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছে। অতীতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১১০০ হলেও সরকারি নীতিমালার কারণে বর্তমানে নির্ধারিত সংখ্যক শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। সীমিত সংখ্যক শিক্ষার্থী নিয়েও প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে ভালো ফলাফল ধরে রেখেছে।
শিক্ষার মানোন্নয়নের ধারাবাহিকতায় ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় গোদাগাড়ী উপজেলার সব বিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ ১৭ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে পিরিজপুর উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করে। শিক্ষকরা মনে করেন, নিয়মিত পাঠদান, কঠোর তদারকি, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনাই এ সাফল্যের মূল ভিত্তি।
অভিভাবকদের ভাষ্য, মাহফুজুল আলম কেবল একজন প্রধান শিক্ষক নন; তিনি একজন দক্ষ সংগঠক, সৎ প্রশাসক এবং শিক্ষানুরাগী। তাঁর নেতৃত্বে বিদ্যালয়ে শিক্ষা, শৃঙ্খলা ও উন্নয়নের নতুন দিগন্তের সূচনা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একটি সূত্র জানায়, পরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে মাহফুজুল আলম পিরিজপুর উচ্চ বিদ্যালয়কে উপজেলার অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করেছেন। শিক্ষা উন্নয়নে তাঁর অবদান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
তবে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের মতে, উল্লেখযোগ্য উন্নয়ন হলেও এখনো একটি আধুনিক বহুতল একাডেমিক ভবনের প্রয়োজন রয়েছে। তাঁদের দাবি, নতুন ভবন নির্মাণ হলে শিক্ষার্থীরা আরও উন্নত ও আনন্দময় পরিবেশে পাঠ গ্রহণের সুযোগ পাবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ কামনা করেছেন তারা।
অবসর গ্রহণ প্রসঙ্গে প্রধান শিক্ষক মাহফুজুল আলম বলেন, “দীর্ঘ কর্মজীবনে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। সহকর্মী, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা ছাড়া এসব অর্জন সম্ভব হতো না। জীবনের নতুন অধ্যায়ে যেন সুস্থ ও সুন্দরভাবে থাকতে পারি, সেজন্য সবার কাছে দোয়া চাই।”
আগামী ২৩ জুলাই তাঁর অবসরকে ঘিরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয়দের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। তাঁদের প্রত্যাশা, মাহফুজুল আলমের দেখানো উন্নয়ন ও সুশাসনের ধারা অনুসরণ করে পিরিজপুর উচ্চ বিদ্যালয় ভবিষ্যতেও সাফল্যের অগ্রযাত্রা অব্যাহত রাখবে।
