আধুনিক কৃষিশিক্ষায় ক্যারিয়ার গড়তে ব্র্যাক কৃষিপ্রযুক্তি ইনস্টিটিউটে ভর্তি শুরু

ভবিষ্যৎ কৃষি খাতের দক্ষ জনবল তৈরির লক্ষ্যে ব্র্যাক কৃষিপ্রযুক্তি ইনস্টিটিউটে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি ‘ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার’ কোর্সে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত এই কোর্সে আবেদনের জন্য ২০২৩ থেকে ২০২৬ সালের মধ্যে এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০০ অর্জনকারী শিক্ষার্থীরা যোগ্য বলে বিবেচিত হবেন। শিক্ষার্থীদের হাতে-কলমে আধুনিক কৃষি প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি এখানে পড়ালেখার খরচ সাশ্রয়ী রাখতে সরকারি বিধিমোতাবেক প্রতি সেমিস্টারে পাঁচ হাজার টাকা বৃত্তি প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে।
এই শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যতম বিশেষত্ব হলো ব্র্যাক এন্টারপ্রাইজের অধীনে এক বছরের বিশেষ ফিল্ড ইন্টার্নশিপ এবং পরবর্তীতে যোগ্যতার ভিত্তিতে চাকরির সুযোগ। বগুড়ার শেরপুরে অবস্থিত এই ক্যাম্পাসে আধুনিক ল্যাব, সমৃদ্ধ লাইব্রেরি এবং নিরাপদ আবাসনসহ সব ধরনের সুযোগ-সুবিধা বিদ্যমান। বিশেষ করে নারী শিক্ষার্থীদের শিক্ষার প্রসারে এখানে বিশেষ অগ্রাধিকার ও নিরাপদ আবাসনের সুবিধা নিশ্চিত করা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে আবেদনের নির্দেশনা দেওয়া হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট, ই-মেইল অথবা নির্ধারিত ফোন নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: প্রথম আলো
