সাশ্রয়ী মূল্যে ব্র্যান্ডের জুতার খোঁজে কারওয়ান বাজারে ক্রেতাদের ভিড়

রাজধানীর কারওয়ান বাজারের মেট্রোরেল স্টেশন সংলগ্ন বাটার একটি বিক্রয়কেন্দ্রে সারা বছরই চলছে বিশেষ মূল্যছাড়। নামি ব্র্যান্ডের জুতা সাশ্রয়ী মূল্যে পাওয়ার আশায় দূর-দূরান্ত থেকে এখানে ভিড় করছেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শোরুমটিতে জুতার প্রকৃত মূল্যের ওপর ৫০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়। এখানে ২৫০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের চামড়ার জুতা, স্যান্ডেল, কেডস ও স্কুল জুতা পাওয়া যায়। বছরে এই একটি শোরুম থেকে প্রায় ৮০ হাজার থেকে ১ লাখ জোড়া জুতা বিক্রি হয়।
ক্রেতাদের ভাষ্যমতে, বাজারে প্রচলিত সাধারণ মানের জুতার চেয়ে এই ব্র্যান্ডের জুতাগুলো অধিক টেকসই ও সাশ্রয়ী। বিশেষ করে সীমিত আয়ের চাকরিজীবী এবং শিক্ষার্থীদের জন্য এটি একটি ভরসার জায়গা হয়ে উঠেছে। বিক্রয়কেন্দ্রের কর্মীদের তথ্য অনুযায়ী, মূলত মান নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় (কিউসি) উত্তীর্ণ হতে না পারা জুতাগুলো এখানে বিক্রির জন্য আনা হয়। তবে সাধারণ দৃষ্টিতে এসব জুতায় বড় কোনো ত্রুটি ধরা পড়ে না। যদিও গুণগত মান নিয়ে কারো কারো মনে সংশয় থাকলেও, সাশ্রয়ী মূল্যের কারণে অফিসগামী মানুষসহ সাধারণ ক্রেতাদের কাছে এই শোরুমটি বেশ জনপ্রিয়।
সূত্র: প্রথম আলো
