সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম: থাকছে ট্রাভেল পাস ও রাতযাপনের সীমাবদ্ধতা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশনা অনুযায়ী, চলতি বছরের ১ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকরা দ্বীপে যাতায়াত করতে পারবেন। তবে পরিবেশ রক্ষায় এবারও কঠোর কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, নভেম্বর মাসে পর্যটকরা শুধু দিনের বেলায় ভ্রমণ করতে পারবেন এবং একই দিনে তাদের ফিরে আসতে হবে। শুধুমাত্র ডিসেম্বর ও জানুয়ারি মাসেই পর্যটকরা দ্বীপে রাতযাপনের সুযোগ পাবেন।
ভ্রমণের ক্ষেত্রে এবারও পর্যটকদের জন্য 'ট্রাভেল পাস' নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি, কক্সবাজারের বিআইডব্লিউটিএ ঘাট থেকে প্রতিদিন সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটক দ্বীপে যেতে পারবেন এবং প্রতিটি পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি প্রদান করতে হবে। দ্বীপের জীববৈচিত্র্য সুরক্ষায় সৈকতে আলোকসজ্জা, শব্দ দূষণ, বারবিকিউ পার্টি এবং মোটরসাইকেল চালানোর মতো কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া কেয়া ফল সংগ্রহ, সামুদ্রিক কাছিম বা প্রবাল ধ্বংসের মতো পরিবেশবিরোধী কর্মকাণ্ডের ওপরও নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।
সূত্র: প্রথম আলো
