এআই ক্লাউড কোম্পানিগুলোর জন্য সতর্কবার্তা দিলেন এলন মাস্ক

বিনিয়োগের সংকট দেখা দেওয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক ক্লাউড কম্পিউটিং কোম্পানিগুলোর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এলন মাস্ক। তাঁর মতে, পর্যাপ্ত আয়ের উৎস না থাকলে এসব প্রতিষ্ঠান বড় ধরনের অস্তিত্ব সংকটে পড়তে পারে। বর্তমানে ডেটা সেন্টারের ওপর পুরোপুরি নির্ভরশীল এবং অন্যান্য আয়ের উৎস নেই এমন কোম্পানিগুলোর জন্য ঋণের বাজারে অর্থ প্রাপ্তি প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
এদিকে এলন মাস্কের স্পেসএক্স কোম্পানির ৪০ বিলিয়ন ডলারের ঋণ চুক্তি নিয়ে ব্লুমবার্গের প্রতিবেদনে ভিন্ন তথ্য উঠে এসেছে। মাস্ক দাবি করেছিলেন চুক্তিটি সম্পন্ন হয়েছে, তবে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ঋণ প্যাকেজের মূল্য নির্ধারণের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। আলোচনার মাধ্যমে খুব শিগগিরই এটি সম্পন্ন করার চেষ্টা চলছে। স্পেসএক্স অবশ্য দাবি করেছে, স্টারলিংক ও মহাকাশযান উৎক্ষেপণের মাধ্যমে তাদের নিজস্ব আয় থাকায় তারা বিনিয়োগের উপযুক্ত অবস্থানে রয়েছে। বর্তমানে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে নতুন মূলধন পাওয়া অধিকাংশ প্রযুক্তিকম্পানির জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান


