জাপানের সমুদ্রতলে রেকর্ড গভীরতায় বিরল মাছের দেখা পেলেন বিজ্ঞানীরা

প্রশান্ত মহাসাগরের তলদেশে এক বিস্ময়কর অভিযানের মাধ্যমে গভীরতম অঞ্চলে মাছের অস্তিত্ব নিশ্চিত করেছেন বিজ্ঞানীরা। জাপানের উপকূলে উত্তর প্রশান্ত মহাসাগরের অতল গহ্বরে গবেষণার সময় গবেষকরা সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,৩৩৬ মিটার বা প্রায় ২৭ হাজার ফুটেরও বেশি গভীরতায় একটি স্নেইলফিশের বিচরণ রেকর্ড করতে সক্ষম হয়েছেন। এত অধিক গভীরতায় এর আগে কোনো মাছের ছবি বা ফুটেজ পাওয়া যায়নি, যা সমুদ্রবিজ্ঞানীদের জন্য এক অভাবনীয় সাফল্য।
গবেষক দলের ধারণকৃত ফুটেজে দেখা যায়, অল্প বয়সী এই স্নেইলফিশটি সমুদ্রের তলদেশের কাছাকাছি অত্যন্ত সাবলীলভাবে ঘোরাফেরা করছে। সাধারণত সমুদ্রের এত গভীর স্তরে প্রচণ্ড চাপ এবং প্রতিকূল পরিবেশের কারণে সাধারণ কোনো মাছের বেঁচে থাকা প্রায় অসম্ভব। তবে নতুন এই আবিষ্কারটি প্রজাতিটির সহনক্ষমতা ও গভীর সমুদ্রের বাস্তুসংস্থান সম্পর্কে নতুন ধারণার জন্ম দিয়েছে। সমুদ্রের অন্ধকারাচ্ছন্ন ও রহস্যময় এসব অঞ্চলে জীবনের অস্তিত্ব নিয়ে চলমান অনুসন্ধানে এই ফুটেজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে বিবেচিত হচ্ছে।
সূত্র: সিএনএন
