ডিকশনারি ডট কমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’

বর্তমানে মানুষের জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রকে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করার প্রবণতা বাড়ছে। এই প্রেক্ষাপটেই জনপ্রিয় অনলাইন অভিধান ডিকশনারি ডট কম ‘ম্যাক্সিং’ (maxxing) শব্দটিকে তাদের বর্ষসেরা শব্দ হিসেবে ঘোষণা করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, অতি প্রচলিত এই প্রত্যয়টি দৈনন্দিন শব্দভাণ্ডারে দীর্ঘস্থায়ী জায়গা করে নিয়েছে। কোনো কিছুতে অধিকতর ভালো করার চেয়ে ‘ম্যাক্সিং’ শব্দটি ব্যবহার করা এখন অনেক বেশি আধুনিক ও ট্রেন্ডি বলে বিবেচিত হচ্ছে।
যদিও শব্দটি বর্তমানে খুব জনপ্রিয়, তবে এর ব্যবহার মোটেও নতুন নয়। চল্লিশের দশকের গেম থিওরি থেকে শুরু করে নব্বইয়ের দশকে বিনোদন জগতে এই শব্দের চর্চা ছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে কর্মদক্ষতা বৃদ্ধির নেশায় মানুষ এখন ‘পার্সোনালিটি ম্যাক্সিং’ বা ‘স্লিপ ম্যাক্সিং’-এর মতো নতুন সব শব্দবন্ধ তৈরি করছে। এমনকি সামরিক ক্ষেত্রেও ‘লেথালিটি ম্যাক্সিং’-এর মতো পরিভাষা ব্যবহারের নজির দেখা যাচ্ছে। মূলত জীবনের প্রতিটি অনুষঙ্গকে অপ্টিমাইজ বা শ্রেষ্ঠ রূপ দেওয়ার বর্তমান সংস্কৃতিই এই শব্দটিকে নতুন করে পাদপ্রদীপের আলোয় নিয়ে এসেছে।
সূত্র: দ্য গার্ডিয়ান


