পুঁজিবাজারে পা রাখছে এআই জায়ান্ট অ্যানথ্রপিক, বিনিয়োগকারীদের নজর বিশাল মূল্যায়নের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বাজারে নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে ক্লদ চ্যাটবটের নির্মাতা প্রতিষ্ঠান ‘অ্যানথ্রপিক’। মার্কিন শেয়ার বাজারে কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও আনতে যাচ্ছে কর্তৃপক্ষ, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বড় আর্থিক লেনদেন হিসেবে বিবেচিত হতে পারে। ২০২১ সালে প্রতিষ্ঠিত সান ফ্রান্সিসকো-ভিত্তিক এই প্রতিষ্ঠানটি বর্তমানে বিনিয়োগকারীদের কাছে দেড় ট্রিলিয়ন ডলারেরও বেশি মূল্যের কোম্পানি হিসেবে সমাদৃত। ‘এএনটি’ (ANT) প্রতীকে তালিকাভুক্ত হতে যাওয়া এই আইপিওটি মূলত বিশ্বজুড়ে চলমান এআই বাণিজ্যের আর্থিক স্থায়িত্ব ও সম্ভাবনার একটি বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
প্রতিষ্ঠানটির আর্থিক নথিপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, একদিকে যেমন তাদের রাজস্ব আয়ের গতি ঊর্ধ্বমুখী, অন্যদিকে কোম্পানিটির পরিচালনার ব্যয় এবং ক্ষতির পরিমাণও তুলনামূলক অনেক বেশি। জুন মাসে গোপনে নথিপত্র জমা দেওয়ার পর এখন তারা প্রকাশ্যে শেয়ার বাজারে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। বিনিয়োগ বিশ্লেষকদের মতে, অ্যানথ্রপিকের এই বাজারে অভিষেক এআই খাতে বিনিয়োগের ধারাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে। প্রযুক্তি বিশ্বে কোটি কোটি ডলারের এআই বিপ্লব কতটা লাভজনক ও দীর্ঘস্থায়ী হতে পারে, তা এই আইপিওর সফলতার ওপর অনেকাংশে নির্ভর করছে।
সূত্র: দ্য গার্ডিয়ান


