বিমানে বিশৃঙ্খলার ঘটনায় ক্ষমা চাইলেন অভিনেত্রী সেলমা ব্লেয়ার

লস অ্যাঞ্জেলেস থেকে নিউইয়র্কগামী বিমানে অশোভন আচরণের অভিযোগে অভিযুক্ত হলিউড অভিনেত্রী সেলমা ব্লেয়ার প্রথমবারের মতো মুখ খুলেছেন। নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেছেন, তার এই কর্মকাণ্ডে যারা আতঙ্কিত, ভীত বা আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাদের সবার কাছে তিনি আন্তরিকভাবে ক্ষমা চাইছেন। ঘটনার আকস্মিকতায় যারা অস্বস্তিতে পড়েছেন, তাদের সবার প্রতি তিনি দুঃখ প্রকাশ করেছেন।
এর আগে, বিমানের ভেতর ক্রু সদস্যদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়া এবং পরবর্তীতে একজন নার্স ও পুলিশ কর্মকর্তাকে লাথি মারার অভিযোগে সেলমা ব্লেয়ারের বিরুদ্ধে সরকারিভাবে হেনস্তার মামলা দায়ের করা হয়। তবে আদালতে শুনানির সময় অভিনেত্রী এই অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন। বর্তমানে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিষয়টি সুরাহা করার চেষ্টা চলছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
