যুক্তরাজ্যে অভিবাসীদের দীর্ঘমেয়াদী স্থায়ী বসবাসের নতুন শর্তের পথে সরকার

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ অভিবাসন নিয়ন্ত্রণে নতুন ও কঠোর নীতিমালা প্রকাশ করতে যাচ্ছেন। আজ পার্লামেন্টে তিনি এই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরবেন। প্রস্তাবিত এই নীতিমালায় বিদেশি কর্মীদের দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়ার জন্য বর্তমান সময়ের চেয়ে আরও বেশি সময় অপেক্ষা করতে হবে। এর আগে গত নভেম্বরে প্রকাশিত খসড়া পরিকল্পনা অনুযায়ী, সাধারণ বিদেশি কর্মীদের স্থায়ী বসবাসের জন্য পাঁচ বছরের পরিবর্তে দশ বছর এবং কেয়ার গিভারদের পনেরো বছর অপেক্ষা করার কথা বলা হয়েছিল। এই নিয়ম নতুন আগতদের পাশাপাশি বর্তমানে কর্মরত অভিবাসীদের ক্ষেত্রেও কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, এই প্রস্তাবনাগুলো নিয়ে ব্রিটিশ রাজনীতিতে বেশ বিতর্ক তৈরি হয়েছে। ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নামসহ প্রভাবশালী রাজনৈতিক নেতারা কেয়ার কর্মীদের প্রতি কিছুটা নমনীয় হওয়ার পক্ষে মত দিয়েছেন। সরকারি এই ঘোষণার আগে গণমাধ্যমে বিস্তারিত তথ্য ফাঁস না হওয়ায় সংসদীয় প্রক্রিয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্পিকার লিন্ডসে হয়ল। এখন দেখার বিষয়, সংসদীয় বিতর্কের মুখে মন্ত্রী এই পরিকল্পনায় কোনো পরিবর্তন আনেন কি না।
সূত্র: দ্য গার্ডিয়ান
