ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির কার্যক্রম পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই সম্পন্ন হবে। বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে এবং শিক্ষার্থীরা ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। পাঁচটি ভিন্ন ইউনিটের মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সময়সূচি অনুযায়ী, আইবিএ ইউনিটের পরীক্ষা ৫ ডিসেম্বর, বিজ্ঞান ইউনিটের ১২ ডিসেম্বর, চারুকলা ইউনিটের ২২ ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১৯ ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আইবিএ ছাড়া অন্যান্য ইউনিটের পরীক্ষা ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আইবিএ ও চারুকলা ইউনিট বাদে বাকি তিন ইউনিটের ক্ষেত্রে ৬০ নম্বরের এমসিকিউ ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। মোট ১২০ নম্বরের মূল্যায়নের মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের ওপর ২০ নম্বর বরাদ্দ থাকবে। আবেদনকারীদের জন্য শিক্ষাগত যোগ্যতার শর্তাবলিও বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
সূত্র: প্রথম আলো
