
বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের খাঁনপুর ঝড়ু প্রামাণিক (জে.পি) উচ্চ বিদ্যালয়ে স্থানীয় সংসদ সদস্য মো. আবু সাঈদ চাঁদ-কে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান ও প্রতিষ্ঠানের সভাপতি আব্দুর রাজ্জাক।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু সাঈদ চাঁদ বলেন, একটি জাতির উন্নয়নের প্রধান চালিকাশক্তি হলো শিক্ষা। আধুনিক, যুগোপযোগী ও মানসম্মত শিক্ষার মাধ্যমে দক্ষ, নৈতিক এবং দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলা সম্ভব। তিনি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, প্রযুক্তিগত দক্ষতা এবং মানবিক মূল্যবোধ অর্জনের প্রতি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের শিক্ষা উন্নয়নের ধারাবাহিক উদ্যোগের ফলে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এসেছে এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে। শিক্ষার মানোন্নয়নের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।
এ সময় বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে একটি পাঁচতলা একাডেমিক ভবন নির্মাণ এবং তথ্যপ্রযুক্তি শিক্ষার প্রসারে ১০০টি কম্পিউটারসমৃদ্ধ আধুনিক ল্যাব স্থাপনের আশ্বাস দেন তিনি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুর রাজ্জাক মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফুল ইসলাম মলিন, পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তফি, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার, গড়গড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মোজাম্মেল হক তাজু, সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক, উপজেলা বিএনপির সদস্য মাসুদ করিম (টিপু সরকার)সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
