আওয়ামী লীগ নেতা এস এম শাহীনুজ্জামান আটক, মানব পাচারের অভিযোগ
জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলা আওয়ামী লীগের নেতা ও রসিন গ্রুপের কর্ণধার এস এম শাহীনুজ্জামান শাহীনকে আটক করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে আটক করে।
পুলিশ জানিয়েছে, তাকে কয়েকটি বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এস এম শাহীনুজ্জামান শাহীন জামালপুর-২ (ইসলামপুর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচনের সময় তার প্রার্থিতা নিয়েও বিভিন্ন আলোচনা-সমালোচনা ছিল।
এদিকে, শাহীনের বিরুদ্ধে রাশিয়ায় মানব পাচারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা তথ্যও রয়েছে বলে জানা গেছে। তবে অভিযোগগুলোর বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
সূত্রগুলো আরও দাবি করছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও দেশে অবস্থান করেন শাহীনুজ্জামান। এরপর তিনি দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আর্থিক ও অন্যান্য সহযোগিতা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
বিশেষ করে উত্তরা ও গাজীপুর এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনায় তিনি অর্থসহায়তা দিয়ে আসছিলেন বলে সূত্রের দাবি। জামালপুর ও আশপাশের জেলার যেসব নেতাকর্মী ঢাকায় অবস্থান করছেন, তাদেরও তিনি সহযোগিতা করতেন বলে অভিযোগ রয়েছে।
সম্প্রতি রাজধানীর গুলশানে অনুষ্ঠিত একটি মিছিলেও তার প্রতিষ্ঠানের কর্মচারী ও দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণের ব্যবস্থা করার অভিযোগ উঠেছে।
শাহীনুজ্জামানকে আটক করার পর তাকে ছাড়িয়ে নিতে আওয়ামী লীগের কয়েকজন নেতা পুলিশের সঙ্গে যোগাযোগ ও তদবির করছেন বলেও একটি সূত্র দাবি করেছে। তবে এ দাবিরও স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর জানান, এস এম শাহীনুজ্জামান শাহীনকে আটক করা হয়েছে। তাকে কয়েকটি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
চলমান তদন্তে অভিযোগগুলোর সত্যতা এবং শাহীনের সংশ্লিষ্টতা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
