
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা এলাকায় মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। এ অভিযানে মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও চোলাই মদ।
শুক্রবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত পর্যন্ত জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস.এম. ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬ জন মাদক ব্যবসায়ী, ১০ জন মাদকসেবী, সিআর সাজা পরোয়ানাভুক্ত ১ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং নিয়মিত মামলার ১ জন আসামি রয়েছেন।
এছাড়া পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত একজনকে ২১ দিন এবং অপরজনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অভিযান চলাকালে পুলিশ ৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা এবং ২০ লিটার চোলাই মদ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধ ও মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
