নাটোরের লালপুরে যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
রবিউল ইসলামঃ নাটোরের লালপুরে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিজ নিজ বসতবাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে লালপুর থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—লালপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম (৪৫), যুবলীগের সক্রিয় কর্মী মো. হাফিজুর রহমান (৩৫), লালপুর উপজেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি ও লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. শরিফুল ইসলাম (৫২) এবং লালপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও মুক্তিযুদ্ধ মঞ্চের সাংগঠনিক সম্পাদক মো. ইমন আহম্মেদ ওরফে আগুন (২২)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার জাহাঙ্গীর আলম বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে। হাফিজুর রহমান রামকৃষ্ণপুর গ্রামের মৃত তছলিম উদ্দীনের ছেলে। শরিফুল ইসলাম মৃত ইয়াকুব আলীর ছেলে। ইমন আহম্মেদ ওরফে আগুন উত্তর লালপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। তাঁদের সবার বাড়ি নাটোরের লালপুর থানা এলাকায়।
পুলিশ জানায়, নাটোরের লালপুর থানায় দায়ের করা একটি মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। মামলাটির নম্বর ১, তারিখ ১ এপ্রিল ২০২৫। মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(২), ৮, ১২ ও ১৩ ধারায় অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের পর চারজনকে ওই মামলায় আটক দেখানো হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) তাঁদের আদালতে পাঠানোর কথা রয়েছে বলে পুলিশি সূত্রে জানানো হয়েছে।
