পুলিশের ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে প্রতারণা, টাকা লেনদেনে সতর্ক থাকার আহ্বান
নিজস্ব প্রতিবেদক: পুলিশের ইউনিফর্ম পরিহিত ছবি ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাদের ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ভুয়া আইডি খুলে প্রতারণার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। পুলিশ পরিচয়ে ফোন করে ভয়ভীতি প্রদর্শন ও নানা কৌশলে সাধারণ মানুষের কাছে টাকা দাবি করছে চক্রটি।

প্রাপ্ত তথ্যমতে, দিনাজপুর জেলার পুলিশ সুপারসহ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত কর্মকর্তাদের ছবি ব্যবহার করে প্রতারকচক্রটি রাজশাহী জেলার বাঘা থানা, নাটোর জেলার লালপুর থানা এবং দেশের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে প্রতারণার চেষ্টা করছে।
এ ধরনের প্রতারণার ফাঁদে পা না দিতে এবং যাচাই ছাড়া অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং বা অন্য কোনো মাধ্যমে টাকা পাঠানো থেকে বিরত থাকতে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
প্রদত্ত তথ্য অনুযায়ী, এ ঘটনায় দিনাজপুর জেলায় ইতোমধ্যে তিনটি মামলা হয়েছে এবং ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, নাটোর জেলার লালপুর থানায় গত ছয় মাসে এ ধরনের অনলাইন প্রতারণার ঘটনায় সাইবার সুরক্ষা আইনে ৩০টিরও বেশি মামলা দায়ের হয়েছে। এসব ঘটনায় প্রায় ৯০ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। দেশের অন্যান্য থানায়ও এ চক্রের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার কার্যক্রম চলমান রয়েছে।
পুলিশের পরিচয় দিয়ে কোনো ব্যক্তি ফোন করে ভয়ভীতি দেখালে কিংবা কোনো অজুহাতে টাকা চাইলে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এ ধরনের ফোনকল বা হোয়াটসঅ্যাপ আইডির মাধ্যমে প্রতারণার চেষ্টা হলে দ্রুত নিকটস্থ থানায় অথবা পুলিশ সুপারের কার্যালয়ে বিষয়টি জানানোর আহ্বান জানানো হয়েছে।
সতর্ক থাকুন, প্রতারণা থেকে নিজেকে ও অন্যকে রক্ষা করুন।
পুলিশের ইউনিফর্ম পরিহিত ছবি দেখেই কাউকে প্রকৃত পুলিশ কর্মকর্তা মনে করবেন না। পরিচয় ও দাবির সত্যতা যাচাই না করে কাউকে কোনো টাকা দেবেন না।
