
মোঃ রবিউল ইসলাম মিনাল,গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:রাজশাহীর গোদাগাড়ী উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্য নিয়ে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকালে গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে গোদাগাড়ী মডেল থানার আয়োজনে এ সভার আয়োজন করা হয়। “শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। তিনি বলেন, মাদক তরুণ সমাজ ও পরিবারের জন্য বড় হুমকি। এ থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ জরুরি। গোদাগাড়ীকে মাদকমুক্ত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান সম্পূর্ণ আপসহীন। কমিউনিটি পুলিশিংকে আরও কার্যকর করে প্রতিটি এলাকায় মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে। এ সময় তিনি অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি পুলিশের কাছে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহীর উপপরিচালক মেহেদী হাসান, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান এবং সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস ছালাম, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান, সাংবাদিক অলিউল্লাহ রনি-সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় আরও বক্তব্য দেন রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক, শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবায়দুল্লাহ এবং ডাইংপাড়া বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলন। বক্তারা মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি, পারিবারিক নজরদারি এবং পুলিশ-জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভার শেষে উপস্থিত সবাই মাদকমুক্ত গোদাগাড়ী গড়ে তোলার অঙ্গীকার করেন।
আয়োজকরা জানান, মাদকবিরোধী অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে, যাতে গোদাগাড়ীতে একটি নিরাপদ ও অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করা যায়।
