শিবগঞ্জ সীমান্তে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও দুটি মোটরসাইকেলসহ মো. মশিউর রহমান (২৮) নামে এক যুবককে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী ধনীপাড়া এলাকায় অভিযানটি পরিচালনা করে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৫টার দিকে সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বালিয়াদিঘী ধনীপাড়া গ্রামের পাকা সড়কে যানবাহনে তল্লাশি চালানো হয়।
এ সময় বিজিবির টহলদল দেখে এক মোটরসাইকেল আরোহী পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাকে থামাতে টহল সদস্যরা শটগান দিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। পরে ওই ব্যক্তি মোটরসাইকেল থামিয়ে দাঁড়িয়ে গেলে তাকে তল্লাশি করা হয়।
তল্লাশির সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে তার ব্যবহৃত আরও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ নিয়ে অভিযান থেকে মোট দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও দুটি মোটরসাইকেলের আনুমানিক মোট সিজার মূল্য ৪ লাখ ৩৫ হাজার ৮০০ টাকা।
আটক মশিউর রহমান ভোলাহাট উপজেলার তিলকী (সুরানপুর) গ্রামের জেম আলীর ছেলে।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির বক্তব্য
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অস্ত্র-গোলাবারুদসহ সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
