
নিজস্ব প্রতিনিধিঃ সাংবাদিক সুরুজ আলীর মুক্তি তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচারের দাবিতে রাজশাহীতে সাংবাদিক সমাজ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো একযোগে সোচ্চার হয়েছে। পৃথক পৃথক বিবৃতিতে তারা অবিলম্বে তাঁর মুক্তি নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের আহ্বান জানিয়েছে।
রাজশাহী প্রেসক্লাবের এক প্রতিবাদলিপিতে বলা হয় একজন দায়িত্বশীল সংবাদকর্মীকে একটি কথিত উদ্দেশ্যপ্রণোদিত মামলায় কারাগারে পাঠানোর ঘটনা সাংবাদিক সমাজের জন্য গভীর উদ্বেগের। মতপ্রকাশের স্বাধীনতা, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ এবং গণমাধ্যমকর্মীদের পেশাগত মর্যাদা রক্ষার স্বার্থে হয়রানি মূলক মামলার সংস্কৃতি পরিহার করা প্রয়োজন। একই সঙ্গে আইনের শাসনের প্রতি আস্থা রেখে বিষয়টির নিরপেক্ষ ও ন্যায়সঙ্গত নিষ্পত্তির প্রত্যাশা জানানো হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী বিভাগীয় কমিটির বিবৃতিতে বলা হয়, সাংবাদিক সুরুজ আলী আদালতের প্রতি সম্মান প্রদর্শন করে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছিলেন। কিন্তু তাঁর জামিন আবেদন নামঞ্জুর হয়ে কারাগারে যাওয়ার ঘটনায় সাংবাদিক সমাজ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটির মতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনাগুলো অবশ্যই নিরপেক্ষভাবে তদন্ত হওয়া উচিত যাতে কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন এবং একই সঙ্গে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত হয়।
বিবৃতিতে আরও বলা হয় সাংবাদিকদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অপরিহার্য শর্ত। ভয়ভীতি বা হয়রানির আশঙ্কা তৈরি হলে তা স্বাধীন গণমাধ্যমের বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
সুরুজ আলীর সহকর্মীরা বলেন দীর্ঘদিন ধরে তিনি রাজশাহীর সাংবাদিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিভিন্ন সময় অসহায় অসুস্থ ও সংকটে পড়া সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন এবং পেশাগত অধিকার রক্ষার আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন। রাজশাহী প্রেসক্লাবের বিভিন্ন দুর্দিনেও তিনি সহকর্মীদের পাশে ছিলেন বলে অনেক সাংবাদিক উল্লেখ করেন।
বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরাও বিবৃতিতে বলেন একটি সুস্থ গণতান্ত্রিক সমাজে সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা জরুরি। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত আইনের যথাযথ প্রয়োগ এবং ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
বিবৃতি দাতারা অবিলম্বে সাংবাদিক সুরুজ আলীর মুক্তির পাশাপাশি মামলার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার সত্যতা উদ্ঘাটন এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা সাংবাদিক সমাজকে পেশাগত অধিকার স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
