এইচএসসির ফলাফল বিপর্যয় নয়, শিক্ষার গুণগত মান ফেরানোর ইঙ্গিত: উপাচার্য

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার হ্রাস পাওয়াকে কোনোভাবেই বিপর্যয় হিসেবে দেখছেন না জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। তার মতে, শিক্ষার মান উন্নয়ন, মূল্যায়ন পদ্ধতির আধুনিকায়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার অংশ হিসেবেই ফলাফলে এমন পরিবর্তন এসেছে। একে একটি ইতিবাচক সংস্কার প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক ও শিক্ষাগত সক্ষমতা বৃদ্ধিতে এখন থেকেই কাজ শুরু করা প্রয়োজন। তবে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে এবং খাতা মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থীদের এক বছরের মূল্যবান সময় বাঁচাতে অকৃতকার্য বিষয়ে দ্রুত পুনরায় পরীক্ষার আয়োজন করার সরকারি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপাচার্য। তিনি মনে করেন, এই সুযোগ কাজে লাগিয়ে অনেক শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারবে, যার ফলে সামগ্রিক পাসের হার ১০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এ সময় শিক্ষার্থীদের নিরুৎসাহিত না করে তাদের মনোবল ধরে রাখতে অধ্যক্ষ ও শিক্ষকদের প্রতি ছুটির দিনে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি। অধ্যাপক আমানুল্লাহ দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে, শিক্ষা ব্যবস্থায় চলমান এই কাঠামোগত পরিবর্তন ও সচেতনতার ফলে ভবিষ্যতে শিক্ষার হার ও মান উভয়ই বৃদ্ধি পাবে।
সূত্র: প্রথম আলো
