চাঁদাবাজি রুখতে আসছে কঠোর নতুন আইন: আইজিপি

খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে আয়োজিত এক সুধী সমাবেশে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির জানিয়েছেন, চাঁদাবাজদের দৌরাত্ম্য কমাতে সরকার নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। তিনি উল্লেখ করেন, চাঁদাবাজির সঙ্গে জড়িতরা সাধারণত প্রভাবশালী অথবা সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য। প্রভাবশালী হওয়ার কারণে সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে অভিযোগ করতে বা সাক্ষ্য দিতে ভয় পায়। নতুন আইন কার্যকর হলে ভুক্তভোগীদের অভিযোগের অপেক্ষায় না থেকে পুলিশ ডিজিটাল প্রমাণ বা অন্যান্য তথ্যের ভিত্তিতে সরাসরি আইনি ব্যবস্থা নিতে সক্ষম হবে।
আইজিপি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের ওপর নানামুখী চাপ রয়েছে। বলপ্রয়োগ করলে ‘ফ্যাসিস্ট’ এবং না করলে ‘দুর্বল’ তকমা দেওয়া হয়—এমন দ্বিমুখী পরিস্থিতি থেকে বেরিয়ে এসে পুলিশ এখন জনবান্ধব ও মানবিক হয়ে ওঠার পাশাপাশি অপরাধ নির্মূলে কার্যকর নীতিমালা তৈরির কাজ করছে। মাদক, কিশোর গ্যাং এবং চাঁদাবাজি নির্মূলে পুলিশের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতি থেকে উত্তরণ ঘটিয়ে পুলিশের মনোবল এখন আগের চেয়ে অনেক শক্তিশালী বলে তিনি মন্তব্য করেন।
সূত্র: প্রথম আলো


