জাতির পিতা’ সম্বোধন করে বিপাকে জিয়া পরিষদ নেতা, জয়পুরহাটে বহিষ্কার
মোঃ আব্দুল মতিন প্রধান জয়পুহাট প্রতিনিধি:

জয়পুরহাটে আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ হিসেবে উল্লেখ করায় ক্ষোভের মুখে পড়েছেন জিয়া পরিষদের এক নেতা। সংগঠনবিরোধী বক্তব্য ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জয়পুরহাট পৌর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মারুফ হাসানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম বকুল ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে অব্যাহতির এই সিদ্ধান্ত জানানো হয়। পরে সিদ্ধান্তটি দলীয় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।
গত ৭ নভেম্বর জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা চলাকালে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। সভায় বক্তব্য দেওয়ার একপর্যায়ে মারুফ হাসান শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলে সম্বোধন করেন। এতে সেখানে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয় এবং একপর্যায়ে হট্টগোল শুরু হলে তাকে ডায়াস থেকে নামিয়ে দেওয়া হয়। পরবর্তীতে বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। জিয়া পরিষদের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মারুফ হাসানের এই অসতর্ক ও সংগঠনবিরোধী শব্দচয়ন দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে, যার কারণে ৮ নভেম্বর থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত বাস্তবায়িত হয়।
বহিষ্কারাদেশ পাওয়ার কথা নিশ্চিত করে মারুফ হাসান জানান, তিনি দীর্ঘদিন ধরেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং মাঝখানে শারীরিক অসুস্থতার কারণে কিছুটা নিষ্ক্রিয় ছিলেন। তিনি দাবি করেন, “বক্তব্য দেওয়ার সময় ভুলবশত কিছু শব্দচয়ন অনাকাঙ্ক্ষিতভাবে চলে এসেছিল, তবে আমি কখনোই আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলাম না।”
এদিকে, ঘটনার দিন সভার ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অনুপস্থিত থাকা এবং জিয়া পরিষদ নেতার বিতর্কিত বক্তব্যের সময় জেলা প্রশাসকের নীরবতা নিয়ে প্রতিবাদ জানিয়েছে জেলা ছাত্রদল। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জেলা প্রশাসকের (ডিসি) প্রত্যাহারের দাবিতে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি।


