নাটোরে শুরু হলো কাব স্কাউটদের মিলনমেলা

নাটোর রাজবাড়ির ঐতিহাসিক প্রাঙ্গণে শুরু হয়েছে ছয় দিনব্যাপী সপ্তম আঞ্চলিক কাব ক্যাম্পুরি। ‘আজকের কাব, আগামীর নেতৃত্ব’ এই মূলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের আয়োজনে এই বর্ণিল উৎসবের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। উদ্বোধনী অনুষ্ঠানে গোদাগাড়ীর বাবুডাইং আলোর পাঠশালার স্কাউট দলের মনোজ্ঞ পরিবেশনা উপস্থিত সবার নজর কাড়ে। এছাড়া ক্যাম্পুরিতে অংশ নেওয়া কাব সদস্যদের হাতে গাছের চারা তুলে দেন প্রধান অতিথি।
রাজশাহী বিভাগের আটটি জেলা ও একটি মেট্রোপলিটন এলাকার ২৬০টি ইউনিটের প্রায় দুই হাজার ২০০ জন কাব স্কাউট, প্রশিক্ষক ও স্বেচ্ছাসেবক এই আয়োজনে অংশ নিচ্ছেন। আগামী ৪ নভেম্বর পর্যন্ত চলা এই ক্যাম্পুরিতে শিশুদের নেতৃত্বগুণ, শৃঙ্খলাবোধ, সৃজনশীলতা ও আত্মনির্ভরশীলতা বিকাশের লক্ষ্যে মোট ১২টি উচ্ছ্বাস ও পাঁচটি উৎসবের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, স্কাউট আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠছে এবং মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখছে।
সূত্র: প্রথম আলো
