নেতানিয়াহুর বিদায় নিশ্চিত করতে একাট্টা ইসরায়েলের বিরোধী জোট

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে বিরোধী চারটি ইহুদি দলের শীর্ষ নেতারা মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। আগামী সপ্তাহে নতুন পার্লামেন্ট বা নেসেটের শপথ গ্রহণ অনুষ্ঠানের আগেই তারা একটি কার্যকর সরকার গঠনের প্রক্রিয়া শুরু করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন। এই জোট গঠনের ক্ষেত্রে গাদি আইজেনকটের প্রস্তাবিত চারটি প্রধান নীতির ভিত্তিতে কাজ করার অঙ্গীকার করেছেন নেতারা। যার মধ্যে রয়েছে ইসরায়েলকে গণতান্ত্রিক ইহুদি রাষ্ট্র হিসেবে রক্ষা করা, সবার জন্য সামরিক সেবা বাধ্যতামূলক করা এবং গাজায় হামাসের সামরিক সক্ষমতা ও শাসনের অবসান ঘটানো।
তবে নতুন সরকার গঠন নিয়ে এখনো কিছু জটিলতা রয়ে গেছে। বিরোধী ইহুদি দলগুলোর মোট আসন সংখ্যা ৪৮, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য পর্যাপ্ত নয়। সরকার গঠনের জন্য তাদের ১৯টি আসন পাওয়া আরব দলগুলোর সমর্থনের প্রয়োজন হতে পারে, অথচ জোটের অনেক নেতা আরব দলগুলোর সাথে কাজ করতে অনাগ্রহী। এই অস্পষ্টতা সত্ত্বেও নেতারা প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে গাদি আইজেনকটকে সরকার গঠনের সুযোগ প্রদানের আহ্বান জানিয়েছেন। এছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছেন বিরোধী নেতারা।
সূত্র: প্রথম আলো
