পাহাড়ের স্নিগ্ধতায় মুখর খাগড়াছড়ির আলুটিলা পর্যটনকেন্দ্র

খাগড়াছড়ির অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য আলুটিলা এখন প্রকৃতিপ্রেমীদের পদচারণায় মুখরিত। পাহাড়ের সজীব সবুজ আর প্রাকৃতিক সৌন্দর্যের টানে দেশের নানা প্রান্ত থেকে ভ্রমণপিপাসুরা ভিড় করছেন এই দর্শনীয় স্থানে। বিশেষ করে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনগুলোতে পর্যটকদের আনাগোনা বহুগুণ বেড়ে যায়। পরিবার-পরিজন কিংবা বন্ধু-বান্ধবদের সঙ্গে নিয়ে সময় কাটাতে অনেকে এই মনোরম স্থানটিকে বেছে নিচ্ছেন।
বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে পর্যটনকেন্দ্রে দর্শনার্থীদের ভিড় আরও বাড়তে থাকে। পাহাড়ের নান্দনিক দৃশ্য উপভোগের পাশাপাশি ঝুলন্ত সেতুতে হাঁটা এবং স্থানীয় দোকানগুলো থেকে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন আগতরা। চারদিকের সতেজ প্রকৃতির মাঝে হলুদ ফুলের পাশে দাঁড়িয়ে ছবি তোলা কিংবা পাহাড়ের পটভূমিতে ক্যামেরাবন্দি হয়ে ভ্রমণের মুহূর্তগুলোকে স্মরণীয় করে রাখছেন ভ্রমণার্থীরা। সব মিলিয়ে পাহাড়ি পরিবেশের প্রশান্তি উপভোগ করতে আলুটিলা যেন এক মিলনমেলায় পরিণত হয়েছে।
সূত্র: প্রথম আলো
