বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ইঙ্গিত দিয়ে বিতর্কের মুখে আইজিপি

সরকারের অনুমতি সাপেক্ষে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালানোর যে বক্তব্য পুলিশপ্রধান মো. আলী হোসেন ফকির দিয়েছেন, তা নিয়ে তীব্র সমালোচনা ও ক্ষোভ তৈরি হয়েছে। মানবাধিকার সংস্থা, নাগরিক সমাজ এবং বিভিন্ন রাজনৈতিক দল এই মন্তব্যকে সংবিধান ও আইনের শাসনের পরিপন্থী বলে অভিহিত করেছে। তাদের মতে, অপরাধ দমনের নামে বিচারিক প্রক্রিয়া এড়িয়ে প্রাণঘাতী শক্তির ব্যবহারের এমন ইঙ্গিত অত্যন্ত বিপজ্জনক এবং এটি অতীতে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটাতে পারে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন আইজিপির বক্তব্যকে ‘পেশাগত দেউলিয়াত্ব’ হিসেবে আখ্যা দিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে। এছাড়া তাঁর বক্তব্যের ব্যাখ্যা প্রদান, প্রকাশ্যে ক্ষমাপ্রার্থনা এবং জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। সমালোচকদের মতে, সরকারের অনুমতি থাকলেও আইনবহির্ভূতভাবে কাউকে হত্যা করার কোনো বৈধ সুযোগ নেই। বর্তমান পরিস্থিতিতে জনমনে নতুন করে ভীতির সঞ্চার না করে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আইনের শাসন সমুন্নত রাখতে সরকারের পক্ষ থেকে স্পষ্ট অবস্থানের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সূত্র: প্রথম আলো


