যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাবকে ‘ইতিবাচক’ দেখছে ইরান

ইরানের কাছে উচ্চপর্যায়ের আলোচনার প্রস্তাব দিয়ে চিঠি পাঠিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তেহরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ওয়াশিংটনের এই উদ্যোগকে ইরান ইতিবাচক হিসেবেই দেখছে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, যদি এই চিঠির আড়ালে বিভেদ সৃষ্টির কোনো চেষ্টা থাকে, তবে তা যুক্তরাষ্ট্রের পুরোনো ভুলগুলোর পুনরাবৃত্তি হবে। এই আলোচনার বিষয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে কথা বলতে ইতিমধ্যে ইরানের একটি প্রতিনিধিদল কাতার পৌঁছেছে।
আরাগচি আরও জানান, আপাতত মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কোনো বৈঠকের পরিকল্পনা তেহরানের নেই। দেশটির অবস্থান স্পষ্ট এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমেই শর্তাবলি নিয়ে আলোচনা চলছে। একই সঙ্গে ইরান যুদ্ধের আশঙ্কাকেও উড়িয়ে দিচ্ছে না। পররাষ্ট্রমন্ত্রী জানান, যেকোনো পরিস্থিতির জন্য তাদের সামরিক বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে এবং নিজেদের সক্ষমতা বৃদ্ধি করেছে। কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখেও ইরান নতি স্বীকার করবে না জানিয়ে আরাগচি দৃঢ়তার সঙ্গে বলেন, নিজেদের অভ্যন্তরীণ শক্তির ওপর ভর করেই বর্তমান পরিস্থিতি মোকাবিলায় বদ্ধপরিকর তেহরান।
সূত্র: প্রথম আলো
