শেষনিশ্বাস পর্যন্ত জনসেবাতেই ব্রতী থাকবেন মোদি, অবসরের জল্পনায় ইতি

গুজরাটের বানাসকাণ্ঠায় আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট করেছেন যে, তিনি অবসর নেওয়ার কথা ভাবছেন না। উল্টো তিনি ঘোষণা করেছেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে বদ্ধপরিকর। তার এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে যে, ২০২৯ সালের লোকসভা নির্বাচনেও তিনি দলের নেতৃত্ব দেবেন কি না। অনুষ্ঠানস্থলে নিজের পুরোনো স্মৃতিচারণ করতে গিয়ে মোদি বলেন, ২০০১ সালে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার প্রথম জনসভা এখানেই হয়েছিল। গুজরাটের সাধারণ মানুষের ভালোবাসা ও শিক্ষাই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে বলে তিনি আবেগঘন বার্তা দেন। এ সময় উপস্থিত জনতাকে তাকে ‘প্রধানমন্ত্রী’ নয়, বরং পুরনো ও পরিচিত ‘নরেন্দ্র ভাই’ বলে সম্বোধন করার অনুরোধ জানান।
এদিন প্রধানমন্ত্রী ১৪ হাজার কোটি রুপিরও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিশেষ করে কৃষি ও দুগ্ধশিল্পের আধুনিকায়নে বর্তমান সরকারের অবদানের কথা তিনি তুলে ধরেন। তিনি বলেন, বিগত দশ বছরে কৃষকদের কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহারে গ্রামীণ অর্থনীতি মজবুত হয়েছে। পূর্ববর্তী সরকারগুলোর তুলনায় বর্তমান এনডিএ সরকার কৃষকদের কাছে করা সব প্রতিশ্রুতি পূরণে সফল হয়েছে বলে দাবি করেন তিনি। প্রধানমন্ত্রীর এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার বার্তা বিরোধী ও শাসক—উভয় শিবিরের রাজনীতিতেই নতুন সমীকরণ তৈরি করেছে।
সূত্র: প্রথম আলো
