এনভিডিয়া প্রধানের ওপর চীনা গোয়েন্দার নজরদারি, চাঞ্চল্যকর প্রতিবেদন

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং চীনা গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন। গোয়েন্দা তথ্যে জানা গেছে, সিঙ্গাপুরভিত্তিক ডাটা সেন্টার প্রতিষ্ঠান ‘মেগাস্পিড’-এর একজন উচ্চপদস্থ কর্মকর্তা অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের ব্যবসায়িক যোগাযোগ ছিল। তবে এই নারী এবং এনভিডিয়া প্রধানের মধ্যে কোনো পারিবারিক সম্পর্ক নেই।
প্রতিবেদন অনুযায়ী, অ্যালিস হুয়াংয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অমান্য করে চীনে এনভিডিয়ার চিপ পাচারের অভিযোগ রয়েছে। মার্কিন কর্মকর্তারা দীর্ঘদিন ধরে তার গতিবিধির ওপর নজর রাখছিলেন এবং তদন্তে বেরিয়ে এসেছে যে, তিনি মূলত বেইজিংয়ের হয়ে গোয়েন্দা হিসেবে কাজ করছিলেন। অভিযোগ উঠেছে, তিনি বিভিন্ন বাণিজ্যিক তথ্য গোপনে চীনে পাচার করতেন। মূলত এনভিডিয়ার গুরুত্বপূর্ণ তথ্যের নাগাল পেতে এবং কোম্পানির ওপর নজরদারি চালাতে এই গোয়েন্দা তৎপরতা চালানো হয়েছিল বলে মনে করছেন মার্কিন গোয়েন্দারা।
সূত্র: দ্য গার্ডিয়ান
