খুলনায় যুবককে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য
মো: আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি:

খুলনা মহানগরীর লবণচরা থানাধীন দরগাপাড়া কাসেমিয়া জামে মসজিদের দক্ষিণ পাশে সড়কের ওপর এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) রাতে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়।
নিহত যুবকের নাম শহিদুল (৩৫)। তিনি লবণচরা থানাধীন বুড়ো মৌলবির দরগা এলাকার মাহাতাব শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে দরগাপাড়া কাসেমিয়া জামে মসজিদের দক্ষিণ পাশে সড়কের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন শহিদুল। পরে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তবে কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তের বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
